তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। তবে শ্রমিকেরা এই নতুন মজুরি পাবেন আগামী জানুয়ারি থেকে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার ব্রিফিংয়ে জানান, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে তা পাবেন।
একই তথ্য নিশ্চিত করে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন।
পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে আজ নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় উভয় পক্ষ বাস্তবায়নের সময়সীমা নিয়ে ঐকমত্যে পৌঁছায়।
তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নতুন বোর্ডের ঘোষণা দেন।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। এই বোর্ড সব পদের শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে, যার ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট প্রকাশ করবে।
দেশবার্তা/একে