এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এই বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে আন্তশিক্ষা বোর্ড।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এই বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৯০৫ জন।
দেশবার্তা/একে