১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণপত্র থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি বলে অভিযোগ করেছেন মানিকগঞ্জের তিন ব্যক্তি। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেও স্বীকৃতি না পাওয়ায় জীবনের শেষ বয়সে এসে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি দিয়েছেন তাঁরা।
বুধবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি তুলে ধরেন।
স্বীকৃতিবঞ্চিত ওই তিন ব্যক্তি হলেন মো. শাহজাহান চৌধুরী, কাজী শরীফ উদ্দিন ও মো. সিদ্দিকুর রহমান বাচ্চু।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র তাঁদের কাছে রয়েছে। এরপরও মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি। রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার আশায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাননি তাঁরা।
তাঁরা আরও বলেন, জীবনের দীর্ঘ সময় পার করে এখন বার্ধক্যে পৌঁছেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার বেদনা তাঁদের তাড়িয়ে বেড়াচ্ছে। জীবনের শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়াই তাঁদের একমাত্র প্রত্যাশা।
মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।
প্রতিনিধি/আরএইচ