দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিচ্ছে। ২৪ ঘণ্টায় (৯ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৩৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগেই সর্বাধিক ৩ জন এবং ঢাকা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।
গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত মোট ১ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন রোগী, যার মাধ্যমে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫০০-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে (৫১৪ জন), যার মধ্যে মারা গেছেন ১ জন। এছাড়া চট্টগ্রামে ২৩৮ জন (মৃত্যু ৩), সিলেটে ১৬৫ জন (মৃত্যু ১), খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুর বিভাগে ২৮ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
দেশবার্তা/একে