সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। ইউট্যাবের অভিযোগ, বিগত সরকারের দোসর হিসেবে পরিচিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের সহযোগীরা বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনের ব্যানারে সংগঠিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
এতে আরও বলা হয়, এসব সন্ত্রাসী পরিকল্পিতভাবে উসকানিমূলক তৎপরতা, বোমা ও ককটেল নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে এসব নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজকে রাজপথে ও ক্যাম্পাসে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এ লক্ষ্যে ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনটির প্রতিটি ইউনিটকে নিজ নিজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষকদের ব্যানারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ ও আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা দেশের শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিনিধি/আরএইচ