দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৭০ শতাংশ মানুষই জানেন না যে তারা এই রোগে ভুগছেন। রোগটি সম্পর্কে জনসচেতনতা তৈরি না হওয়ায় দিন দিন রোগীর সংখ্যা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। এমন বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালিত বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০২২ অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক নারীদের ৬৭ শতাংশ এবং পুরুষদের ৭২ শতাংশই জানতেন না তাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি। ২০১৭-১৮ সালের জরিপে এই হার ছিল যথাক্রমে ৫৯ ও ৬১ শতাংশ।
অজ্ঞতার এই বাস্তব চিত্র ফুটে ওঠে ৫৪ বছর বয়সী বেসরকারি চাকরিজীবী শাহীন আহমেদের অভিজ্ঞতায়। প্রতিদিন দীর্ঘক্ষণ হাঁটার অভ্যাস থাকায় তিনি কখনো রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করাননি। ২০২০ সালের সেপ্টেম্বরে অস্ত্রোপচারের প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে তার ডায়াবেটিস ধরা পড়ে এবং অস্ত্রোপচার সাময়িক সময়ের জন্য পিছিয়ে দিতে হয়।
শাহীন আহমেদ বলেন, আমার বাবা-মায়ের ডায়াবেটিস ছিল। তারপরও কখনো রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করাইনি, কারণ কখনো প্রয়োজন বোধ করিনি। গুরুত্বপূর্ণ এক সময়ে এসে বিষয়টি জানতে পারি।
এক দশকে রোগী বেড়েছে ১২৭ শতাংশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, অগ্ন্যাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারলে অথবা শরীর উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে না পারলে ডায়াবেটিস হয়। দেশে আক্রান্তের প্রকৃত সংখ্যা অজানা থাকলেও বিভিন্ন পরিসংখ্যানে এর ব্যাপক বিস্তারের চিত্র উঠে এসেছে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ডায়াবেটিস অ্যাটলাস-২০২৫ অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৯ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।
৩০ হাজার ১৮টি পরিবারের ওপর পরিচালিত বিডিএইচএস-২০২২ জরিপ বলছে, ১৮ বছর বা তার বেশি বয়সী নারীদের ১৭ শতাংশ এবং পুরুষদের ১৫ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত, যা ২০১৭-১৮ সালে ছিল যথাক্রমে ১০ ও ১১ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্যমতে, ২০১৪-১৫ অর্থবছরে নিবন্ধিত রোগীর সংখ্যা ছিল ৩০ লাখ ৬১ হাজার, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৬৯ লাখ ৩৭ হাজারে। অর্থাৎ এক দশকে রোগী বেড়েছে ১২৭ শতাংশ। এর মধ্যে কেবল ২০২৪-২৫ অর্থবছরেই নতুন করে ৩ লাখ ৮৩ হাজার রোগী নিবন্ধিত হয়েছেন।
শহর ও গ্রামের চিত্র এবং ঝুঁকির কারণ
বসবাসের স্থান ও আর্থসামাজিক অবস্থা ভেদে ডায়াবেটিসের প্রকোপে ভিন্নতা রয়েছে। বিডিএইচএস-২০২২ অনুযায়ী, শহরের নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ২৪ শতাংশ এবং গ্রামে ১৪ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে শহরে এ হার ২১ শতাংশ ও গ্রামে ১৩ শতাংশ। সম্পদের ভিত্তিতে দেখা যায়, সর্বোচ্চ সম্পদশালী শ্রেণির নারীদের ২৬ শতাংশ এবং পুরুষদের ২৫ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত; যেখানে সর্বনিম্ন সম্পদশালী শ্রেণিতে এই হার যথাক্রমে ১১ ও ১০ শতাংশ।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শারমিন জাহান জানান, দক্ষিণ এশীয়দের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি। জীবনযাপনের ধরন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নগরায়ণ ও বংশগত প্রবণতা এর জন্য দায়ী।
তিনি বলেন, আধুনিক জীবনযাপন ক্রমেই শারীরিক পরিশ্রমবিমুখ হয়ে উঠছে। মানুষ খুব কম শারীরিক পরিশ্রম করেন, অথচ উচ্চ ক্যালরিযুক্ত খাবার খান, যা পুরোপুরি হজম হয় না। ফলে স্থূলতার সমস্যা তৈরি হয়, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
শহুরে জীবনযাপন গ্রামে ছড়িয়ে পড়ায় গ্রাম ও শহরের ব্যবধান কমে আসছে বলে সতর্ক করেন অধ্যাপক শারমিন। তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষও মোবাইল ফোন, শ্রমসাশ্রয়ী প্রযুক্তি ও মোটরচালিত যানবাহনের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। এতে হাটার অভ্যাস কমছে এবং ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।
চিকিৎসা ও নিয়ন্ত্রণে উদাসীনতা
যারা ডায়াবেটিসে আক্রান্ত বলে জানেন, তাদের মধ্যেও চিকিৎসা নেওয়ার হার অত্যন্ত কম। বিডিএইচএস-২০২২ অনুযায়ী, মাত্র ৬ শতাংশ নারী ও ৫ শতাংশ পুরুষ রোগী জানিয়েছেন তারা রোগ সম্পর্কে জানেন, ওষুধ সেবন করেন এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। এ ছাড়া নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই ৯ শতাংশের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকা সত্ত্বেও তারা কোনো ওষুধ সেবন করছিলেন না।
অধ্যাপক শারমিন জাহান বলেন, যেসব পরিবারের সদস্যদের ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তারা যদি অল্প বয়স থেকেই সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের মতো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলেন, তাহলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারবেন।
বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, কেবল জীবনযাপনে পরিবর্তন এনেই ঝুঁকিতে থাকা মানুষের মধ্যে ৫৮ থেকে ৬০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। তবে তার আক্ষেপ, তবে অনেক রোগী ডায়াবেটিস শনাক্ত হওয়ার পরও বিষয়টিকে গুরুত্ব দেন না। জটিলতা গুরুতর না হওয়া পর্যন্ত তারা প্রায়ই চিকিৎসায় অবহেলা করেন।
সরকারের উদ্যোগ
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ (এনসিডি) কর্নারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হয়। তিনি বলেন, ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়তে থাকায় আমরা এনসিডি কর্নারগুলো আরও শক্তিশালী করার পরিকল্পনা করছি।
ওষুধের ঘাটতির বিষয়ে তিনি জানান, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হাসপাতালগুলোকে নিজস্ব তহবিল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
দেশবার্তা/একে