ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) নতুন করে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। সব মিলিয়ে বর্তমানে জেলার ৩১টি কারখানা বন্ধ রয়েছে।
পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া, চৌরাস্তা ও তিন সড়ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ ভোগড়া এলাকার পাঁচটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা দলবদ্ধভাবে বের হয়ে সড়কের পাশে ও বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।
এদিকে সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলায় মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। এ সময় মহাসড়কে চলাচলকারী কয়েকটি বাসে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আন্দোলনের জেরে কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ সকালে ভোগড়া এলাকায় ৫টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটি দেওয়ার পর বেশ কিছু শ্রমিক মহাসড়কে নেমে এসেছেন।
দেশবার্তা/একে