প্রায় এক ঘণ্টা অবরোধের পর ফার্মগেটের সড়ক ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে দুপুরের পর থেকেই ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড়ে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা, ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেন সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ওই এলাকার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা সিটি করপোরেশন বরাবর স্মারকলিপি দেন এবং আজকের মতো অবরোধ তুলে নেন।
অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পরপরই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে নামে পুলিশ। একই সঙ্গে শিক্ষার্থীদের সব দাবি বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী সিফাত নিহত হন। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে বুধবার এক ঘণ্টার প্রতীকী অবরোধ করেন শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, এ সময় প্রশাসনের কিছু কর্মকর্তা শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেন। এর প্রতিবাদে এবং ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফের সড়কে নামে শিক্ষার্থীরা।
পরে প্রশাসনের আশ্বাস ও স্মারকলিপি প্রদানের পর তারা অবরোধ তুলে নেন।