চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর হাজী সফর আলী সড়ক সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতির নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
নির্বাচনে মোট ২০৪ জন ভোটারের মধ্যে ১৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে মাছ প্রতীক নিয়ে মোহাম্মদ রিয়াজ ৮৭ ভোট পেয়ে সভাপতি এবং মোহাম্মদ মাহবুব আলম ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে মো. রায়হান উদ্দীন এবং অর্থ সম্পাদক পদে মো. রাশেদ নির্বাচিত হন।
সদস্য পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে মাছ প্রতীক নিয়ে মোহাম্মদ পারভেজ ১১০ ভোট পেয়ে প্রথম এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১০২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।
ভোট গ্রহণের সময় উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. খালিদ হোসাইন, সহকারী পরিদর্শক টিটন দাশ গুপ্ত, উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা রাজিব পাল ও মো. শরিফ উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. খালিদ হোসাইন।
সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে স্থানীয় সদস্যরা বিজয়ীদের অভিনন্দন জানান।
প্রতিনিধি/একে