যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার নতুন এমআরএনএভিত্তিক ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) টিকার অনুমোদন দিয়েছে। প্রায় ছয় মাস আগে একই আবেদন পর্যালোচনার জন্য সংক্ষিপ্তভাবে প্রত্যাখ্যান করেছিল সংস্থাটি।
বুধবার মডার্না এক বিবৃতিতে জানায়, তাদের প্রথম এমআরএনএভিত্তিক ফ্লু টিকা ‘এম ফ্লুসিভা’ (mFluCiva) ৫০ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। বাসস
প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৬-২০২৭ সালের শ্বাসতন্ত্রজনিত ভাইরাসের মৌসুমে যুক্তরাষ্ট্রে নির্ধারিত জনগোষ্ঠীর জন্য টিকাটি সরবরাহ করা সম্ভব হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মডার্না জানিয়েছিল, ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যকে অপর্যাপ্ত উল্লেখ করে এফডিএ তাদের টিকার আবেদন পর্যালোচনায় অস্বীকৃতি জানিয়েছিল। তবে এক সপ্তাহ পর উভয় পক্ষের একটি বৈঠকের পর সংস্থাটি আগের অবস্থান থেকে সরে আসে। ওই বৈঠককে মডার্না ‘গঠনমূলক’ বলে উল্লেখ করে।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক প্রধান কর্মকর্তা রবার্ট এফ. কেনেডি জুনিয়র এমআরএনএ প্রযুক্তিভিত্তিক টিকার সমালোচনা করে আসছেন। তিনি এ প্রযুক্তির গবেষণায় ফেডারেল অর্থায়নও বন্ধ করেছিলেন।
কেনেডি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এফডিএর টিকা অনুমোদন প্রক্রিয়া, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা টিকার অনুমোদন নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এ প্রস্তাব জনস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তবে কোভিড-১৯ মহামারির সময় এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে দ্রুত টিকা উদ্ভাবন সম্ভব হয়েছিল। বৈশ্বিক স্বাস্থ্য কর্তৃপক্ষ কোভিড-১৯-এর এমআরএনএভিত্তিক টিকাকে নিরাপদ ও কার্যকর হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং গুরুতর সংক্রমণ ও মৃত্যুঝুঁকি কমাতে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছে।
দেশবার্তা/আরএইচ