২০০৩ সালের পর প্রথমবার অজিদের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে লিটন-শান্তরা। আর এই সুযোগেই বাজিমাত করেছে লাল-সবুজেদের প্রতিনিধিরা। স্বাগতিকদের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে শান্ত বাহিনী। এরপরই বাংলাদেশকে যোগ্য সম্মান দেওয়ার দাবি তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ।
রোববার (১৬ আগস্ট) ম্যাচ শেষে নিজের এক্স অ্যাকাউন্টে টাইগারদের প্রশংসা করেছেন তিনি।
ডারউইনে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয়ের পর তিনি লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি সত্যিই এক ঐতিহাসিক অর্জন।
বিশপ মনে করেন, এখন তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে- যে স্বীকৃতি এর আগে অনেকের কাছ থেকেই হয়তো যথেষ্ট মেলেনি।
তিনি আরও লিখেছেন, এই জয়ে অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসানসহ আরও অনেকে। তবে বিশেষভাবে হাসান মাহমুদের কথা বলতেই হয়। কয়েক বছর ধরেই তিনি দারুণ নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করে আসছেন। তার বোলিং অ্যাকশনও বেশ কার্যকর ও ছন্দময়।
প্রসঙ্গত, ডারইউনে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রান করেছিল অজিরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪২৬ রান করে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ৫৬ রানের মামুলি লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারী।
দেশবার্তা/একে