সরকারি খাদ্য কর্মসূচিগুলো আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
রোববার খাদ্য মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর আস্থার জন্য ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর ভিশন ও সরকারের অঙ্গীকার বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রণালয়ের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনার ওপর জোর দিয়ে আফরোজা খানম বলেন, ‘আমরা সবাই মিলে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনতে চাই। জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সেবার মান আরও বাড়াতে হবে।’
এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজ নিজ দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।
সভার শুরুতে নবনিযুক্ত মন্ত্রীকে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান কর্মসূচি, খাদ্যশস্য সংগ্রহ, মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ ও ভোক্তাদের জন্য সরবরাহসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে