প্রতারণার মাধ্যমে ঋণের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। বিষয়টির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই তদন্তকারী কর্মকর্তা মামলাটি করবেন বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
মামলার বাকি আসামিরা হলেন- এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম ও মমিনুরের মামা মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন (এফভিপি) এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভূঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো. কাওসার হোসেন।
অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের এক কোটি ৯৫ লাখ টাকা আত্মসাত করেছেন। পরবর্তীতে অর্থপাচার-সংক্রান্ত অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ও ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি অনুমোদন হয়েছে।
দেশবার্তা/একে