হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। মাদ্রাসার মেহমানখানায় তারা বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন সর্বজনশ্রদ্ধেয় আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হেফাজত আমিরের সঙ্গে দেখা করতে তিনি আগ্রহী ছিলেন।
শামীম কায়সার লিংকন বলেন, আজ হুজুরের দোয়া নিতে ফটিকছড়ি এসেছি।
হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের দূরত্বের বিষয়ে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, তিনি বিষয়টিকে দূরত্ব হিসেবে দেখছেন না। যোগাযোগ যত বাড়বে, ততই এ ব্যবধান কমে আসবে।
তিনি বলেন, এর আগে ধর্ম মন্ত্রণালয়ের মতো দায়িত্বে তিনি ছিলেন না। তাই দেশের ওলামা, পীর-মাশায়েখদের সঙ্গে কথা বলা, তাদের পরামর্শ নেওয়া এবং তাদের চিন্তাভাবনার প্রতিফলন ঘটানোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন বিষয়ে যে পরামর্শ, চাপ কিংবা জন আকাঙ্ক্ষার প্রতিফলন সরকারের কাছে আসে, সেগুলোকে চাপ হিসেবে না দেখে গঠনমূলক পরামর্শ হিসেবে দেখা হয়। সরকারের ওপর এ ধরনের গঠনমূলক চাপ থাকা প্রয়োজন, যাতে কোনো ভুলত্রুটি না হয়।
প্রতিনিধি/আরএইচ