পাবনা সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
জানা গেছে, দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ শিকারে গিয়েছিলেন তারা। এ সময় বিকেলে আট জন বৃষ্টির মধ্যে পড়ে বিলের একটি টং ঘরে আশ্রয় নেয়। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
দেশবার্তা/একে