বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার প্রতিবাদে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গাজীপুরের সিফাত আব্দুল্লাহ নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গাজীপুর আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।
সেখানে ডা. তাসনিম জারা লিখেছেন, ‘সিফাতের ভাষা ভদ্র ছিল না। এটা নিয়ে তর্ক করার কিছু নাই। কিন্তু প্রশ্নটা ভদ্রতার নয়। কারণ সিফাতকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি। মামলা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাহলে গালি দেওয়া কি সন্ত্রাস?’
গ্রেপ্তারের সমর্থনে দেওয়া মতামতের সমালোচনা করে তিনি লিখেছেন, ‘দেখলাম যারা এই গ্রেপ্তারের বিপক্ষে লিখছেন; তাদের কমেন্টবক্সে গালির বন্যা। সাথে বলছেন যে ছেলেটা গালি দিয়েছে, তাই ধরা ঠিক হয়েছে। আয়রনি হলো, তারা নিজেরাই গালি দিয়ে সেটা বলছেন। এবং তাদের কোনো ভয় নাই। কারণ তারা জানেন গালিটা তারা কাকে দিচ্ছেন, আর কাকে দিচ্ছেন না। অর্থাৎ ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ, ক্ষমতায় না থাকা কাউকে দিলে সেটা গ্রহণযোগ্য।’
আইনের স্পষ্ট সীমানা দাবি করে ডা. তাসনিম জারা বলেন, ‘আপনারা একটা তালিকা করে দিন। কী কী লিখলে, কী কী আঁকলে, বিলের কাগজ হাতে নিয়ে কী কী বললে রাত সাড়ে ৮টায় দরজায় পুলিশ আসবে না। লিখে দিন। আমরা মেনে চলব। আর যদি তালিকা দিতে অস্বস্তি হয়, ‘দ্য ডিক্টেটর’ সিনেমার আলাদিনের আচরণের মতো মনে হয়, তাহলে নিজেদের সংযত করুন।’
বক্তব্যের শেষ অংশে গ্রেপ্তার তরুণের মুক্তি দাবি করে তিনি লিখেছেন, ‘সিফাতকে অবিলম্বে মুক্তি দিন। মামলা প্রত্যাহার করুন। আর সন্ত্রাসবিরোধী আইনের যে ধারাগুলো কথা বলার বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেগুলো সংশোধন করুন।’