নারী এশিয়া কাপে পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। এটি নারী টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তান। ভারতের শ্রী চরণী ও প্রিমা রাওয়াতের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তানের ব্যাটাররা। দুজনেই ৩টি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান।
৫৫ রানে পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার পর জয়ের জন্য ৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে কিছুটা চাপে পড়ে তারা। ২৯ রানের মধ্যেই ভারতের তিন ব্যাটারকে ফিরিয়ে দেন পাকিস্তানের ফাতিমা সানা।
তবে সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হারমানপ্রিত কৌর ও দিপ্তি শর্মা দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নিয়ে যান। শেষ পর্যন্ত ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করে ভারত। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন হারমানপ্রিত।
এই জয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত।
ম্যাচটিতে আরেকটি মাইলফলক স্পর্শ করেন ভারতের শেফালি ভার্মা। নারী টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
দেশবার্তা/এমআর