সময় বদলেছে, বদলেছে প্রযুক্তি ও ফ্যাশনের ধরনও। তবে অতীতের সেই নস্টালজিক আকর্ষণ এখনো অটুট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারে এবার সেই নস্টালজিয়াই যেন নতুন রূপ পেয়েছে।
এআই প্রযুক্তির সাহায্যে বর্তমান সময়ের ছবিকে রূপান্তর করে চার দশক আগের আশির দশকের আবহে নিজেদের উপস্থাপন করছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা এই রেট্রো ট্রেন্ডে যোগ দিয়েছেন দেশের বিনোদন জগতের তারকারাও।
চিত্রনায়িকা পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি রেট্রো লুকের ছবি প্রকাশ করেছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ট্রেন্ড’। প্রকাশের পর ছবিটি ভাইরাল হয়েছে।
আশির দশকের সাজে নিজের ছবি শেয়ার করেছেন আরেক চিত্রনায়িকা তমা মির্জা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও এই ট্রেন্ডে অংশ নিয়েছেন। আশির দশকের আবহে নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’
একই ধারায় ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী সাফা কবীর ও তাসনিয়া ফারিণ। আশির দশকের লুকে নিজের ছবি প্রকাশ করে সাফা কবীর লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’
সাফা কবীরের সেই পোস্টে তাসনিয়া ফারিণ মন্তব্য করেছেন, ‘ভালোই হতো।’
সংগীতশিল্পী পড়শীও এআইয়ের সাহায্যে নিজেকে চার দশক আগের সময়ের একটি ফ্রেমে কল্পনা করেছেন। নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’
পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আরেক গায়ক প্রতীক হাসান। ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, ‘পারফেক্ট’।
এআইয়ের মাধ্যমে আশির দশকের এই রেট্রো লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তারকাদের এমন ভিন্নধর্মী উপস্থাপনে ভক্ত-অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে নস্টালজিয়ার আবহ।
দেশবার্তা/আরএইচ