সৌদি আরবের আন্তর্জাতিক বিনোদন পর্যটন খাত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ২০৩০ সালের মধ্যে দেশটির বিনোদন পর্যটনে ৯৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিষ্ঠান ট্যুরিজম ইকোনমিকসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়, একই সময়ে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক বিনোদনমূলক পর্যটন ৬৪ শতাংশ ও বিশ্বে ৩০ শতাংশ বাড়তে পারে। খবর আরব নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২৫ সালের মধ্যে সৌদি আরবে আন্তর্জাতিক পর্যটন ৬৭ শতাংশ বেড়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে এ বৃদ্ধি ছিল ২০ শতাংশ এবং বিশ্বজুড়ে বেড়েছে ৫ শতাংশ। এ সময় মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধির প্রায় তিন-চতুর্থাংশ এসেছে সৌদি আরব থেকে। ২০১৯ সালের তুলনায় বিশ্বজুড়ে পর্যটন খাতে প্রবৃদ্ধির প্রায় ১৫ শতাংশের জন্যও দেশটি ভূমিকা রেখেছে।
ট্যুরিজম ইকোনমিকসের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ডেভ গুডগার বলেন, ‘সৌদি আরব দ্রুত বিশ্বের অন্যতম গতিশীল পর্যটন অর্থনীতিতে পরিণত হয়েছে। দেশটিতে বিদেশী পর্যটকের রাতযাপনের হারও বাড়ছে। বর্তমানে সৌদিতে পর্যটকদের মোট রাতযাপনের প্রায় অর্ধেকই আন্তর্জাতিক পর্যটকদের।’
সৌদির পর্যটন মন্ত্রণালয়ের বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সৌদিতে অভ্যন্তরীণ ও বিদেশী মিলিয়ে ১২ কোটি ৩০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। আগের বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ৬ শতাংশ বেশি। পর্যটকদের সম্মিলিত ব্যয় রেকর্ড ৩০৪ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছেছে।
এর মধ্যে বিদেশী পর্যটকের সংখ্যা ছিল ২ কোটি ৯৩ লাখ। তাদের ব্যয় হয়েছে ১৭৬ দশমিক ৬ বিলিয়ন রিয়াল। সরকারি তথ্য অনুযায়ী, বিদেশী পর্যটকদের মধ্যে অবকাশযাপনের উদ্দেশ্যে ভ্রমণকারীর সংখ্যা ছিল ৭০ লাখ। অর্থাৎ মোট বিদেশী পর্যটকের ২৪ দশমিক ১ শতাংশই অবকাশ ভ্রমণে সৌদি আরব গেছেন।
ভ্রমণ প্লাটফর্ম টুমোডোর জিসিসি অঞ্চলের প্রধান মোহানাদ নাদা বলেন, ‘সৌদির পর্যটন খাতের পরবর্তী লক্ষ্য হওয়া উচিত বেশি ব্যয় করতে সক্ষম পর্যটক আকর্ষণ করা। একই সঙ্গে তাদের অবস্থানের সময়ও বাড়াতে হবে।’
এজন্য লোহিত সাগর ও আল উলার মতো গন্তব্যে আরো সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট, দেশটির অভ্যন্তরে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের আবাসন সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, চীন থেকেও সৌদি আরবের পর্যটন খাত বড় সাড়া পাচ্ছে। ড্রাগন ট্রেইল ইন্টারন্যাশনালের জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ চীনা ট্রাভেল এজেন্ট এরই মধ্যে সৌদি আরবের ট্যুর প্যাকেজ বিক্রি করছে। ৩২ শতাংশ এজেন্ট মনে করেন, চীনা পর্যটকদের জন্য সৌদির পর্যটন খাত একটি বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র।
দেশবার্তা/এমআর