ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নিয়েছে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শুক্রবার ভোরে দ্রুত অগ্রসর হয়ে উপকূলের সর্বশেষ শহরগুলোও

2026-09-11T18:42:34+06:00
2026-09-11T18:42:34+06:00
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নিয়েছে হুথিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম 
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শুক্রবার ভোরে দ্রুত অগ্রসর হয়ে উপকূলের সর্বশেষ শহরগুলোও দখলে নেয় তারা। পরে বাব আল-মান্দেব প্রণালির কয়েকটি দ্বীপেও তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার 'বাব আল-মান্দেব' প্রণালিও দখলে নিল বলে সরকারি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর আল জাজিরা, রয়টার্স, এএফপি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে হতো। সেই পথের বিকল্প হিসেবেও বাব আল-মান্দেব ব্যবহৃত হয়ে আসছে। এখন এ অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ায় এডেন উপসাগর ও লোহিত সাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেবের ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী হয়েছে।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে হুতি যোদ্ধারা উপকূলীয় শহর আল-মোখায় পৌঁছায়। পরে উপকূল থেকে নৌপথে গিয়ে কাছাকাছি কয়েকটি দ্বীপ দখল করে তারা।

ইয়েমেন সরকারের সূত্র রয়টার্সকে জানিয়েছে, শুক্রবার হুথি যোদ্ধারা বাব আল-মান্দেবের উপকূলবর্তী ধুবাব শহরেও পৌঁছে যায়। সরকারি বাহিনী সরে যাওয়ার পর হুথিদের বহনকারী নৌকা প্রণালির কেন্দ্রস্থলে অবস্থিত মায়ুন (পেরিম) দ্বীপেও পৌঁছে যায়। এক সরকারি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, বাব আল-মান্দেব এলাকায় হুথিরা তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

সানা-ভিত্তিক ইয়েমেন প্রেস এজেন্সি মাঠপর্যায়ের সূত্রের বরাতে জানিয়েছে, প্রণালির ওপর নজরদারির সুবিধাজনক অবস্থানে থাকা আল-ওমারি সামরিক ক্যাম্পও দখলে নিয়েছে হুথি বাহিনী। তবে সানা থেকে আল জাজিরার প্রতিবেদক নাবিল আল-ইউসফি জানিয়েছেন, বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে হুথিরা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার বাব আল-মান্দেব। সৌদি আরবের তেল টার্মিনালগুলোর কাছাকাছি এ নৌপথ দিয়ে হরমুজ প্রণালি এড়িয়ে ইউরোপে অপরিশোধিত তেল পরিবহন করা সম্ভব। এর আগে লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে হুথিদের হামলার সময় এ পথে বাণিজ্যিক নৌযান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।

সানা থেকে আল জাজিরার প্রতিবেদক ইউসেফ মাওরি বলেন, এখন হুথিরা অনেক শক্তিশালী। তাদের হাতে প্রভাব বিস্তারের ক্ষমতা রয়েছে এবং বাব আল-মান্দেব ও লোহিত সাগর দিয়ে চলাচলকারী নৌযানের ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে।

হুথিদের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেয়ার খবরে এর মধ্যেই যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রতি গ্যালন ৬ ডলার ছাড়িয়েছে। একই সময়ে শুক্রবার অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে চলে যায়।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার পূর্বাভাস দিয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী তেল সরবরাহ ও চাহিদা আগের ধারণার তুলনায় আরো কমতে পারে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক তেল সরবরাহ ২০২৭ সাল পর্যন্ত ব্যাহত হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।

হুথিদের এ অভিযান ঠেকাতে ইয়েমেন সরকারের বাহিনী পাল্টা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে—এমন দৃশ্যমান কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদক মাওরি। তবে পরে হুথি, সৌদি ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব আল-মোখা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। আল জাজিরাও এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি।

এদিকে ইয়েমেনে সৌদি আরবের অবরোধ বন্ধ এবং আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আল-মোখা দখলের পর ইয়েমেন পরিস্থিতি নিয়ে তেহরানের এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বাবুগঞ্জে জাতীয় যুব সংহতির নতুন আহ্বায়ক কমিটি গঠন
আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নিয়েছে হুথিরা

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
দক্ষিণাঞ্চলের একমাত্র পর্যটন শিল্প ‘কুয়াকাটা’ এখন বেশ অবহেলিত
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]