ইরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, মার্কিন পক্ষ ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত সংলাপ বা আলোচনায় কোনো লাভ নেই। পরে দেওয়া আরেকটি পোস্টে তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘কোনো আলোচনা নয়।’ ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যেকোনো আলোচনা অর্থহীন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে আন্তর্জাতিক তেল বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত মায়ুন দ্বীপ দখলে নেওয়ার পর এ দাবি করা হয়েছে।
পেরিম দ্বীপ নামেও পরিচিত মায়ুন দ্বীপটি বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি অবস্থানে। এ কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণের ক্ষেত্রে দ্বীপটির কৌশলগত গুরুত্ব রয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা চালায় হুথিরা। হামলার পর ওই পাইপলাইন দিয়ে তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতির মধ্যেই খবর আসে, হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা চালানোর জন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে সৌদি যুবরাজের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ট্রাম্প।
দেশবার্তা/এমআর