যুক্তরাজ্যে বেকারত্বের হার বেড়েছে। ২০২৬ সালের মে থেকে জুলাই—এই তিন মাসে দেশটির বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪.৯ শতাংশে, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ০.২ শতাংশ পয়েন্ট বেশি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানিয়েছে, ১৬ বছর ও তার বেশি বয়সি বেকারের সংখ্যা বেড়ে ১৮ লাখে পৌঁছেছে। এক বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে প্রায় ৮৩ হাজার।
এদিকে, একই সময়ে যুক্তরাজ্যে কর্মসংস্থানের হার সামান্য কমেছে। গত বছরের তুলনায় ০.১ শতাংশ পয়েন্ট কমে সর্বশেষ সময়ে কর্মসংস্থানের হার দাঁড়িয়েছে ৭৫.১ শতাংশে।
তবে কর্মসংস্থানের হার কমলেও মোট কর্মজীবী মানুষের সংখ্যা বেড়েছে। ১৬ বছর ও তার বেশি বয়সিকর্মরত মানুষের সংখ্যা গত বছরের তুলনায় ২ লাখ ৪৩ হাজার বেড়ে ৩ কোটি ৪৫ লাখে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ১৬ থেকে ৬৪ বছর বয়সিদের মধ্যে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানুষের হার বছরে এবং আগের প্রান্তিক—দুই হিসাবেই ০.১ শতাংশ পয়েন্ট কমে ২০.৯ শতাংশে নেমেছে।
তবে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানুষের মোট সংখ্যা সামান্য বেড়ে ৯১ লাখে পৌঁছেছে। এক বছরের তুলনায় এই সংখ্যা বেড়েছে প্রায় ১২ হাজার।
এদিকে, চাকরি হারানোর ঘটনাও বেড়েছে। সর্বশেষ সময়ে যুক্তরাজ্যে ১ লাখ ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের তথ্য পাওয়া গেছে, যা এক বছরের তুলনায় ১০ হাজার বেশি।
দেশবার্তা/এমআর