ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নওগাঁ পৌর যুবদল।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নওগাঁ শহরের সুপারিপট্টি এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন অলিগলি, ড্রেন ও নর্দমায় মশক নিধনের ওষুধ স্প্রে করেন। পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্যসচিব রহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক রুবেল হোসেন, ময়নুল হক লিটন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার মাহমুদ ডলার, রিপন মন্ডল, শামীনূর রহমান, সঞ্চয় কুমার দাস, কবির আলম লিটন, শাহারাজ সনি, সাবুসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা।
অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বলেন, জনগণের দুর্ভোগ লাঘব ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় সাধারণ মানুষকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
প্রতিনিধি/আরএইচ