সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেকী মহাবিদ্যালয়ে পরিবেশবিষয়ক সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় মহাবিদ্যালয়ের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নওয়াবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জুলফিকার আল মেহেদীর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কৌঁসুলি (জিপি) অসীম কুমার মন্ডল।
সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আন্তন হাসান, সুমাইয়া সুলতানা ও সিরাজুম মুনিরা ঐশী।
এ সময় উপস্থিত ছিলেন ইসিএ জেলা কমিটির সদস্য শেখ আফজাল হোসেন, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্সের ডিস্ট্রিক্ট ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জিএম নাজমুল আরিফ এবং মহাবিদ্যালয়ের প্রভাষক ও শিক্ষার্থীরা।
সেমিনারে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের অতীত ও বর্তমান পরিস্থিতি, প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকার তথ্যচিত্র ও বর্তমান অবস্থা, ইসিএ এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, পরিবেশ সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসিএ জেলা কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।
প্রতিনিধি/আরএইচ