মাগুরার শ্রীপুরে তারিকুল ইসলাম (৩৪) নামে এক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাকোল স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত তারিকুল ইসলাম বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তারিকুল ইসলাম শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের মৃত আছাদ শেখের ছেলে। তিনি জানান, তার দু’টি কিডনিই নষ্ট এবং পায়ে হেঁটে চলাচল করতে পারেন না। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইজিবাইকে করে নাকোল স্ট্যান্ডে নিজের ফলের দোকানে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রায়নগর গ্রামের দবির মোল্যা, সাগর মোল্যা, জয়নাল মোল্যা ওরফে টেটন, মুরাদ মোল্যা, ইয়াসিন মোল্যা ও সুলতান মোল্যা তার ওপর অতর্কিত হামলা চালান।
তারিকুলের অভিযোগ, হামলাকারীরা তার কাছে থাকা ৪০ হাজার টাকা নিয়ে যান। এর আগেও তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তারিকুল ইসলাম বলেন, ‘আমার মা এ ঘটনা শোনার পর স্ট্রোক করেছেন। ওরা আমার ১৩ বছরের ছেলেকে মারার জন্য দাবড়িয়েছে। আমি একজন প্রতিবন্ধী। আমার দু’টি কিডনিই নষ্ট। পায়ে হেঁটে চলাচল করতে পারি না। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
ঘটনার দিন বিকেলেই তারিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রতিনিধি/আরএইচ