সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় শহর আল-খারজে সম্ভাব্য হামলার আশঙ্কায় জারি করা সতর্কতা তুলে নিয়েছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি। সতর্কতা প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ‘অল-ক্লিয়ার’ ঘোষণা করা হয়েছে।
শনিবার রিয়াদে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির সাংবাদিকরা। সৌদি কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা জারির পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলার আশঙ্কার মধ্যেই এ ঘটনা ঘটল।
সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হামলার ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে রাজধানী রিয়াদসহ আল-খারজে সতর্কতা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতা প্রত্যাহার করে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
প্রতিবেশী ইয়েমেনে গত জুলাইয়ে সংঘাত তীব্র হওয়ার পর রিয়াদ এবারই প্রথম সরাসরি ওই সংঘাতের প্রভাবের মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে হুথিদের এক সামরিক মুখপাত্র দাবি করেন, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি-সমর্থিত কিছু ‘অপরাধমূলক প্রচেষ্টা’ নস্যাৎ করেছে তাদের গোষ্ঠী। একই সঙ্গে এসব তৎপরতার ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
ঘটনার বিষয়ে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলও প্রতিবেদন প্রকাশ করেছে।
দেশবার্তা/এমআর