সৌদি আরবের বিভিন্ন বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোয় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নিরাপত্তা পরিষদ উল্লেখ করে, এর আগে গত ৭ আগস্ট এক বিবৃতিতে সৌদি আরবের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজে আক্রমণের তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। তা সত্ত্বেও লোহিত সাগর ও কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক নৌ চলাচলের ওপর আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে হুথিরা।
বিবৃতিতে আন্তর্জাতিক সমুদ্রপথে আন্তর্জাতিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো আহ্বান জানানো হয়।
এছাড়া বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে যেকোনো ধরনের হামলা অবিলম্বে বন্ধের জন্য হুথি গোষ্ঠীর প্রতি তাগিদ দিয়েছে নিরাপত্তা পরিষদ।
ইয়েমেনের সার্বিক রাজনৈতিক ও মানবিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিষদের সদস্যরা। সেখানে বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) বরাত দিয়ে জানানো হয়, চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ইয়েমেনে নতুন করে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সংঘাত আরও বৃদ্ধি পেলে দেশটির এমনিতেই সংকটজনক মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে বলে সতর্ক করা হয়।
ইয়েমেনের দুস্থ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর স্বার্থে পূর্ণ, নিরাপদ, দ্রুত এবং অবাধ সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতিসংঘে কর্মরত ৭৩ জন কর্মীসহ বিভিন্ন এনজিও, সুশীল সমাজ ও কূটনৈতিক মিশনের আটক কর্মীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নিরাপত্তা পরিষদ। সূত্র: আনাদোলু এজেন্সি
দেশবার্তা/একে