ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাজিউর রহমান কলেজের সামনে ভোলা-ইলিশা সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় পরাণগঞ্জ কবি মোজাম্মেল হক মহিলা কলেজ, হালিমা খাতুন গার্লস স্কুল, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এবং পরাণগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, রোববার (২০ সেপ্টেম্বর) ভোলার মনপুরা উপজেলা মসজিদে এশার নামাজ আদায় করতে গেলে পূর্বশত্রুতার জের ধরে অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা।
তারা অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
এ সময় বক্তব্য দেন নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, কামাল হোসেন শাহীন, জুন্নু রায়হান, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ইউছুফ, কাচিয়া ইউনিয়ন বিজেপির সহসভাপতি আলমগীর মেম্বার, পরাণগঞ্জ কবি মোজাম্মেল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম, হালিমা খাতুন গার্লস স্কুলের প্রধান শিক্ষক টিপু সুলতান, পরাণগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. বেলায়েত হোসেন, ছাত্রনেতা মাহি, সুমন, মনজু প্রমুখ।
প্রতিনিধি/আরএইচ