যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে এখন গুনতে হবে আরও বেশি অর্থ। দেশটির ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী কর্মসূচির আবেদন ফি দ্বিগুণের বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার এ কর্মসূচি বিদেশি বিনিয়োগকারী ও তাদের পরিবারের মধ্যে বেশ জনপ্রিয়।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ইবি-৫ ভিসার আবেদন ফি দ্বিগুণের বেশি বাড়ানোর একটি নিয়ম চূড়ান্ত করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)।
নতুন এ নিয়ম আগামী ৩০ নভেম্বর থেকে কার্যকর হবে।
ইবি-৫ কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারী ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। এ জন্য তাদের যুক্তরাষ্ট্রের কোনো ব্যবসায় নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। পাশাপাশি, ওই বিনিয়োগের মাধ্যমে অন্তত ১০টি পূর্ণকালীন কর্মসংস্থান তৈরি করতে হয়।
এককভাবে বিনিয়োগকারীদের জন্য ব্যবহৃত ফর্ম আই-৫২৬-এর আবেদন ফি ৩ হাজার ৬৭৫ ডলার (৪ লাখ ৫২ হাজার ২৪৩ টাকা) থেকে বেড়ে ৭ হাজার ৬১৫ ডলার (৯ লাখ ৩৭ হাজার ৯৭ টাকা) হবে।
আর অনুমোদিত আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য ব্যবহৃত ফর্ম আই-৫২৬ই-এর আবেদন ফি ৩ হাজার ৬৭৫ ডলার (৪ লাখ ৫২ হাজার ২৪৩ টাকা) থেকে বেড়ে ৭ হাজার ৮৫০ ডলার (৯ লাখ ৬৫ হাজার ৯৮১ টাকা) হবে। এর সঙ্গে প্রতিটি আবেদনের জন্য অতিরিক্ত ৭৫ ডলার (৯ হাজার ২৩১ টাকা) প্রযুক্তি ফি দিতে হবে।
দেশবার্তা/এমআর