সাত দশকের জীবনসঙ্গী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পরদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার রাতে ১০১ বছর বয়সী এই বর্ষীয়ান নেতাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়।
এর আগে গত সোমবার চিকিৎসাবিদ ও জনস্বাস্থ্যকর্মী সিতি হাসমাহ ১০০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দাম্পত্যজীবনে তাঁদের সাত সন্তান রয়েছে।
মাহাথিরের হাসপাতালে ভর্তির বিষয়টি তাঁর সহকারী সুফি ইউসুফ নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানানো হয়নি।
বুধবার পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, ‘তার অবস্থা এখন স্থিতিশীল। মানসিক চাপ, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। একজন ১০১ বছর বয়সীর জন্য এই পরিস্থিতি মোটেও ভালো কিছু নয়।’
সহকারী সুফি ইউসুফ আরও জানান, স্ত্রীর প্রয়াণের পর মাহাথির পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাননি এবং মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার সবচেয়ে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব দুবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরবর্তী সময়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে পুনরায় নির্বাচিত হয়ে ২০২০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। হৃদরোগে আক্রান্ত মাহাথিরের পূর্বে বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে শারীরিক নানা জটিলতা নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাঁকে। সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে আঘাত পাওয়ায় তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছিল।
দেশবার্তা/একে