কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ মো. সেলিম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নুর কবীর (৩০) নামের অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর নাজিরপাড়া বিওপির সদস্যরা শিলবুনিয়াপাড়া এলাকায় এ অভিযান চালান।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে শিলবুনিয়া এলাকায় কৌশলগত অবস্থান নেন বিজিবি সদস্যরা। পরে রাত সাড়ে ৯টার দিকে নুর কবীরের বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন তাঁরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নুর কবীর পালিয়ে যান। তবে পালানোর সময় সেলিমকে আটক করা হয়।
পরে ওই বসতঘরে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৯ হাজার টাকা।
আটক সেলিম শিলবুনিয়াপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে। পলাতক নুর কবীরও একই এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যের অবৈধ মজুদ ও বিক্রির অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। মাদক চোরাচালান, অবৈধ মজুদ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক ব্যক্তিকে আইনের আওতায় আনতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/আরএইচ