সিলেট বিভাগে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার (৪ অক্টোবর) পর্যন্ত বিভাগে নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আক্রান্ত হয়ে ১৮২ জনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক নিশ্চিত রোগীর মধ্যে সিলেটে ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
প্রতিবেদন অনুযায়ী, রোববার নতুন করে ১২৭ জন সন্দেহজনক হামের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, বিয়ানীবাজারে ছয়জন, কোম্পানীগঞ্জে একজন, বিশ্বনাথে চারজন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬০৭ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৪ জন ভর্তি আছেন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, রোববার নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত বিভাগে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৭২ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হামের রোগী।
জেলাভিত্তিক প্রাণহানির হিসাবে সিলেটে সর্বোচ্চ ৭৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৬৯ জন সন্দেহজনক এবং চারজন নিশ্চিত হামের রোগী। সুনামগঞ্জে ৬৬ জনের মধ্যে ৬৫ জন সন্দেহজনক ও একজন নিশ্চিত, হবিগঞ্জে ২৮ জনের মধ্যে ২৪ জন সন্দেহজনক ও চারজন নিশ্চিত এবং মৌলভীবাজারে ১৫ জনের মধ্যে ১৪ জন সন্দেহজনক ও একজন নিশ্চিত হামের রোগী মারা গেছেন।
প্রতিনিধি/আরএইচ