জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্লাস্টিক দূষণ কমানো এবং শিশুদের মধ্যে পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ করা হয়েছে।
Climate Resilient Campus Initiative-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলীরটেক ইউনিয়নের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে এসব বোতল বিতরণ করা হয়।
রোববার (৪ অক্টোবর) দুপুরে আলীরটেক মুক্তাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত তাপমাত্রা, তাপপ্রবাহ, বন্যা ও অন্যান্য জলবায়ুজনিত ঝুঁকি শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমে প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পান নিশ্চিত করার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব বোতল ব্যবহারে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত নিজেদের পানির বোতল ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে পারবে। পাশাপাশি বিদ্যালয় থেকেই প্লাস্টিক বর্জ্য কমানো, পরিচ্ছন্নতা বজায় রাখা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে বাস্তবভিত্তিক শিক্ষা লাভ করবে। শিশুদের মাধ্যমে পরিবার ও সমাজে পরিবেশবান্ধব আচরণের ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ার সুযোগও তৈরি হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু অবকাঠামোগত উদ্যোগ যথেষ্ট নয়; নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা ও অভ্যাস গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসই ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত পরিবর্তন আনতে পারে।
বিদ্যালয়ভিত্তিক এমন উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির পাশাপাশি পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার ভিত্তি শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রতিনিধি/আরএইচ