সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে সৌদি বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশটির শ্রমবাজারে দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায়। বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি আরবকে আহ্বান জানানো হচ্ছে। এ জন্য দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠানোর মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব। সৌদি আরবের নেতৃত্বে মক্কা চুক্তির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ ভূমিকা রাখছে।
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতেও বাংলাদেশ অবদান রাখতে চায়। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে বিশেষ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন। এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
দেশবার্তা/জেএ