শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কোনো এক সময়ে তিনি এ সফর করবেন। পাশাপাশি সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে সরকারও দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে।
মেরিটাইম সিকিউরিটি বা সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের জোরালো অংশীদারিত্বের কথা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। এটি যদি বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে থাকে এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সরকার এটিকে ইতিবাচকভাবেই দেখবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের শান্তিরক্ষার দক্ষতা যদি মুসলিম দেশগুলোর সেবা করতে এবং মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাখতে বিশেষ অবদান রাখতে পারে, তবে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সব ধরনের সুযোগ রয়েছে।
‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক এ সেমিনারের যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বি-পক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
দেশবার্তা/একে