ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে একটি পুলিশ বাসের ভেতর রাখা হয়েছে এবং বাসটি ঘিরে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে এ বিক্ষোভের আয়োজন করা হয়। পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইসা জানায়, জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভের স্থান পরিবর্তন করা হয়েছে। প্রথমে দিল্লির যন্তর মন্তরে কর্মসূচি পালনের সিদ্ধান্ত থাকলেও পরে স্থান পরিবর্তন করে দিল্লি হাট নির্ধারণ করা হয়।
বিতর্কিত এসআইআর প্রক্রিয়া ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক ধরপাকড় চলছে। এর আগে বিক্ষোভের আয়োজক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলটির দুই মুখপাত্র সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। এ ছাড়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও তার বাসা থেকে তুলে নেওয়া হয়।
নেহা বোরাকে আটকের পর পুলিশ বাসের চারপাশে বিক্ষোভকারীদের জড়ো হওয়ার ঘটনায় নয়াদিল্লিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: দ্য প্রিন্ট
দেশবার্তা/একে