ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের সেক্টর-৫৬ এর কেন্দ্রীয় বিহার সোসাইটিতে তার বাসভবন থেকে তাকে আটক করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতে আসা ধ্রুব রাঠিকে অনুমতিহীন ওই বিক্ষোভে অংশ নিতে দিল্লি না যাওয়ার অনুরোধ জানিয়েছিল পুলিশ। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করায় তাকে আটক করা হয়।
গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দিল্লি পুলিশের একটি দল রাঠির বাসায় গিয়ে তাকে দিল্লি না যাওয়ার অনুরোধ জানায়। পরিস্থিতির কথা বিবেচনা করে গুরুগ্রাম পুলিশের দলও তার বাসায় গিয়ে আইন মেনে চলার অনুরোধ জানায়। তবে তিনি সেই অনুরোধ না শোনায় তাকে আটক করা হয়। রাঠির বাসায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।
এদিকে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে যন্তর মন্তরে পূর্বঘোষিত এই বিক্ষোভ প্রতিহত করতে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে প্রশাসন। খোদ রাজধানী দিল্লিকে দুর্গে রূপান্তর করে মোতায়েন করা হয়েছে ৪০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ। বিক্ষোভকে কেন্দ্র করে আটক করা হয়েছে অন্তত চার শতাধিক মানুষকে এবং বাতিল করা হয়েছে শত শত ট্রেন।
ধ্রুব রাঠির আটকের তীব্র নিন্দা জানিয়েছে সিজেপি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সংগঠনটি জানায়, স্বৈরাচার তরুণদের ভয় পাচ্ছে, যারা তার অন্যায় নিয়ে প্রশ্ন তোলে এবং চুপ থাকতে অস্বীকার করে!
এছাড়া রাঠিসহ হেফাজতে থাকা শত শত নাগরিক ও শিক্ষার্থী কর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় ধ্রুব রাঠি শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
দেশবার্তা/একে