‘সুস্বাস্থ্যই সুস্থ ও সুন্দর জীবন’ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরে নিয়মিত শরীরচর্চা ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী মিয়া। এ ছাড়া জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, ক্রীড়াঙ্গনের বিশিষ্টজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর শহরের যেসব স্থানে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি মাদারীপুর স্টেডিয়ামে বিপুল দর্শকের উপস্থিতিতে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘সুস্বাস্থ্যই সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে পারে, আর এজন্য দরকার রাস্তাঘাট, হাটবাজার, অফিস-আদালত, পাড়ামহল্লাসহ নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।’ ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, এমন স্থান অগ্রাধিকার ভিত্তিতে নিজ উদ্যোগে পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে মানুষকে রক্ষায় সরকারের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
জাহান্দার আলী মিয়া আরও বলেন, সুস্থ দেহেই সুস্থ মনের বিকাশ ঘটে। এ জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন। জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট তরুণ-যুবকদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাঁদের খেলার মাঠমুখী করতে হবে। এর মাধ্যমে তাঁদের মোবাইল আসক্তি ও মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, এ লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের সব বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নসহ প্রতিটি গ্রামে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিনিধি/আরএইচ