ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সুরক্ষায় বিশেষ নির্দেশাবলী জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার পাঠানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানির কারণে এডিস মশার প্রজননক্ষেত্র দ্রুত বিস্তৃত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আগামী তিন মাস ব্যাংকগুলোকে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে প্রতিটি ব্যাংকে প্রতি শনিবার এডিস মশা নিধনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার তাগিদ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র ও এটিএম বুথসহ সব স্থাপনা এবং এর আশপাশের এলাকা সার্বক্ষণিক পরিষ্কার রাখতে হবে। প্রজননক্ষেত্র ধ্বংস করতে ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি পরিত্যক্ত ফুলের টব, কৌটা, টায়ার ও প্লাস্টিকের বোতলের মতো জমা পানির পাত্রগুলো অবিলম্বে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশবার্তা/একে