| চলমান বার্তা: |

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘পাঁচ টাকায় পূজার বাজার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াচ্ছে। এক টাকায় এক ডজন ডিম এবং পাঁচ টাকায় শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার মতো উদ্যোগ মানুষের আত্মমর্যাদা বজায় রেখে সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করেছে।
ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের সদস্য ও নিম্ন আয়ের মানুষের উপকারে এ কর্মসূচি নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নিয়েছেন। দীর্ঘদিনের সংকট কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনে সময় প্রয়োজন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও দেশের অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও বিচক্ষণতার সঙ্গে সংকট মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ। তাই দেশ ও মানুষের অর্থনৈতিক ক্ষতি হয়, এমন কর্মসূচি এড়িয়ে সামাজিক ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। পাঁচ বছর পর জনগণ ভোটের মাধ্যমেই তাদের সিদ্ধান্ত জানাবেন।’
ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক অধিকারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ দরিদ্র মানুষ কিংবা কোনো ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে অহেতুক রাজনীতি না করে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আবদুস সালাম আরও বলেন, ১৭ বছরের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সাফল্য যেন ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও সংযমী থাকতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন ও উৎসব উদ্যাপনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাজে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশবার্তা/এমআর
