সুস্থ জীবনযাপন, পারস্পরিক সৌহার্দ্য এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার সকালে রাজধানীর মধুবাগস্থ হাতিরঝিলে আলোকিত জীবন সংঘ ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার শিক্ষকদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৬টায় আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে শরীরচর্চায় অংশ নেন। শরীরচর্চার মাধ্যমে সুস্থ থাকার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের অন্যতম অংশ ছিল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
আলোকিত জীবন সংঘ একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলার পাশাপাশি সংগঠনটি বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখাই সংগঠনটির লক্ষ্য।
দেশবার্তা/আরএইচ