শারদীয় দুর্গাপূজা সামনে রেখে নরসিংদী ও মাধবদীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। ছুটির দিনে বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে অনেক দোকানে বেচাকেনা বাড়লেও গত বছরের তুলনায় বিক্রি কম থাকার কথাও জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী।
গত শুক্রবার ও শনিবার ছুটির দিনে সকাল থেকেই নরসিংদীর কালীবাজার, ইনডেক্স প্লাজা ও বিভিন্ন শপিংমল এবং মাধবদীর স্কুল মার্কেটসহ আশপাশের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়ে। পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কেনার পাশাপাশি স্বজনদের উপহার দিতে পছন্দের পণ্য খুঁজতে দেখা যায় অনেককে। দোকানের পাশাপাশি ফুটপাতের পোশাকের দোকানেও ছিল ভিড়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী ও মাধবদীর বিভিন্ন মার্কেট ঘুরে কেনাকাটার এমন চিত্র দেখা যায়। ক্রেতারা জানান, পূজার শেষ দিকে বাজারে ভিড় ও যানজট বাড়তে পারে। এ কারণে অনেকে আগেভাগেই কেনাকাটা সেরে নিতে চাইছেন। ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে বাজারে এসে কেউ নিজের জন্য, কেউ পরিবারের একাধিক সদস্যের জন্য পোশাক কিনছেন।
নরসিংদীর কালীবাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মাধবদীর সোনারবাংলা মার্কেটেও তুলনামূলক বেশি ক্রেতা দেখা গেছে। বড় মসজিদ রোডের ফুটপাতের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এসব দোকানে শার্ট, প্যান্ট, টি-শার্ট, থ্রি-পিস ও শিশুদের পোশাকসহ বিভিন্ন ধরনের কাপড় সাজিয়ে রাখা হয়েছে। পছন্দ ও দাম বিবেচনায় ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন। চলছে দরদাম করে কেনাকাটাও।
ফুটপাতের দোকানে তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের আগ্রহ বেশি। অনেকে বিপণিবিতানের দোকানে পোশাক দেখার পর ফুটপাতেও দাম যাচাই করছেন। কেউ পছন্দের পোশাক কিনছেন, আবার কেউ সীমিত সামর্থ্যের মধ্যে পরিবারের সবার জন্য পোশাক কেনার চেষ্টা করছেন।
নরসিংদীর ইনডেক্স প্লাজায় কেনাকাটা করতে আসা নিতাই সাহা বলেন, ‘কিছুদিন পরে পূজা। শেষ মুহূর্তে ভিড় জমবে, তাই আগেই কেনাকাটা করতে আসলাম। এখন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছি।’
আরেক ক্রেতা সুমন শীল বলেন, ‘বউ-বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছি। মার্কেট থেকে কিছু কেনাকাটা করলাম। ফুটপাত থেকেও কিনলাম। কাপড় প্রায় একই। ফুটপাতে একটু কম দামে কিনতে পারা যায়।’
মাধবদী বটতলা মার্কেটের বিক্রেতা শাহিন মিয়া বলেন, ‘বিক্রি হচ্ছে ভালোই। এমনিতেই ছুটির দিনে একটু ভিড় থাকে, তারপর সামনে পূজাকে কেন্দ্র করে ক্রেতা সমাগম বেশি। আমরা ভালো বিক্রি নিয়ে আশাবাদী।’
ফুটপাতের বিক্রেতা খোকন বলেন, ‘আমরা অল্প লাভে মাল বিক্রি করি। আমাদের সেল বেশি, লাভ কম। বেশি বিক্রি হওয়ায় পুষিয়ে যায়। ভালো বেচাবিক্রি হচ্ছে। সকাল থেকেই ভিড়। রাত পর্যন্ত ভিড় থাকবে।’
ফুটপাতের ব্যবসায়ীরা জানান, মাধবদীতে মার্কেট সাপ্তাহিক শনিবার বন্ধ থাকলেও পূজার আগে কেনাকাটার সময় বাড়াতে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। এতে ক্রেতারা কেনাকাটার জন্য বেশি সময় পাবেন বলে আশা করছেন তাঁরা।
তবে নরসিংদী, মাধবদী ও আশপাশের সব মার্কেটে এখনো প্রত্যাশিত ক্রেতাসমাগম হয়নি বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। তাঁদের ভাষ্য, গত বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও পরিবারের সীমিত বাজেটের কারণে ক্রেতারা হিসাব করে কেনাকাটা করছেন বলে তাঁদের ধারণা। শুক্রবারের ভিড় ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার করলেও তা শেষ পর্যন্ত বিক্রিতে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করছে আগামী দিনের ক্রেতাসমাগমের ওপর।
এ বছর ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। বিজয়া দশমী ২১ অক্টোবর। দুর্গাপূজা উপলক্ষে সরকার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি নির্ধারণ করেছে। এ ছাড়া ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজার দিন ঘনিয়ে আসা ও ছুটির সময়সূচির কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি আরও বাড়তে পারে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এদিকে স্কুল সুপার মার্কেট, বড় মসজিদ রোড ও বটতলা বাজার এলাকায় ক্রেতাদের ভিড় বাড়ায় প্রধান সড়কে যানজট তৈরি হয়। অন্য ছুটির দিনের তুলনায় সড়কে যানবাহনের চাপও বেশি ছিল। পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা।
প্রতিনিধি/আরএইচ