সৌদি আরবে হুথিদের হামলা বাড়তে থাকায় রাজধানী রিয়াদের ল্যান্ডমার্ক আকাশচুম্বী ভবন কিংডম সেন্টার রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস ভাড়াটেদের দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। এদিকে রবিবার সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সামরিক পাইলটের মৃত্যুর কথা জানিয়েছে।
রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলা ভবনটি সব অফিসকর্মীর জন্য বাধ্যতামূলক হোম অফিস করার নির্দেশনা জারি করেছে। এএফপির দেওয়া একটি ই-মেইলে এ তথ্য মিলেছে।
ভবনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, অনুগ্রহ করে জানানো যাচ্ছে, কিংডম সেন্টারের সব অফিসকর্মীর জন্য দূর থেকে কাজের ব্যবস্থা অবিলম্বে কার্যকর হয়ে বাধ্যতামূলক করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা জাারি থাকবে। কর্তৃপক্ষ আরও বলেছে, এ সময়ে অনুগ্রহ করে অফিসে আসা থেকে বিরত থাকুন।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্তটির কোনও কারণ জানায়নি। তবে এক সপ্তাহ আগে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের বড় হামলায় ১৩ জন নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত এল। বিমানবন্দরটি এখনও বন্ধ রয়েছে। সৌদি রাজধানীর স্কুলগুলোও দূরশিক্ষণ কার্যক্রমের মেয়াদ বাড়িয়েছে।
কিংডম সেন্টারে মার্কিন আর্থিক সেবা প্রতিষ্ঠান মেরিল লিঞ্চ, ম্যানেজমেন্ট পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনজি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বড় আন্তর্জাতিক সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনের নিচতলার শপিং মলটি খোলা রয়েছে।
দেশবার্তা/এমআর