চলমান জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয় দাবি করে বিরোধী দলের ঘোষিত ‘লং মার্চ’ কর্মসূচিকে অযৌক্তিক ও জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা)-এর পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লং মার্চ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, ‘লং মার্চ কর্মসূচি দেওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বিরোধীদলে। তাদের রাজনীতির একটা ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এই কারণে তারা এই লং মার্চের কর্মসূচি নিয়েছে। এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।’
জ্বালানি সংকট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘গ্যাস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিএনপির সরকার তা তো না। এই সংকটটা তৈরি হয়েছে আন্তর্জাতিক কারণে যুদ্ধের কারণে আমেরিকা ইরান যুদ্ধের কারণে। যে এলাকা দিয়ে সবচেয়ে বেশি জ্বালানি আসার কথা, সেখানে এখন যুদ্ধ চলছে।’
তিনি আরও জানান, সংকট উত্তরণে সরকার ইতোমধ্যে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে এবং ইতিমধ্যে রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহ অনেকটাই স্থিতিশীল হয়েছে।
সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সেটা আপনারাই জানেন যে একের পর এক যে পদক্ষেপ সরকার নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাপান সফর করেছেন, এর আগে গেছেন চীনে। দুই সফরেই দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বাড়ার সুযোগ তৈরি হয়েছে।’
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করছে, তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে। কিশোর অপরাধসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জনকে গ্রেপ্তার করা হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা বলুক।’
দেশবার্তা/একে