জয়পুরহাটের ক্ষেতলালে তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনে করা নির্যাতনের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন রাশেদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা। সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তাঁরা এসব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন।
এর আগে গত ৮ নভেম্বর ক্ষেতলাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাশেদুল ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন তাঁর সাবেক স্ত্রী আমেনা।
প্রতিবাদলিপিতে রাশেদুল ইসলাম জানান, চলতি বছরের ১০ জানুয়ারি উপজেলার জালিয়াপাড়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে আমেনার সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে এক লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর আমেনা তাঁর বাড়িতে এসে মাত্র একবার প্রায় ছয় ঘণ্টা অবস্থান করেন। পরে তাঁরা দুজন বগুড়ায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
রাশেদুলের দাবি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির কারণে তাঁকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতো। এ সুযোগে পারিবারিক নানা বিষয় এবং মুঠোফোনে অন্যদের সঙ্গে যোগাযোগ নিয়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে দাম্পত্য কলহ চরমে পৌঁছালে ইসলামী শরিয়াহ ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গত ৩০ আগস্ট আমেনাকে তালাক দেন তিনি। এ সময় দেনমোহরসহ তাঁর যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেন রাশেদুল।
তিনি বলেন, ভালোবেসে আমেনাকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। একপর্যায়ে বাধ্য হয়ে সব আইনি প্রক্রিয়া মেনে তাঁকে তালাক দিতে হয়েছে।
অথচ গত ৮ নভেম্বর সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি।
রাশেদুলের বাবা মোতালেব হোসেন বলেন, তাঁর ছেলে ভালোবেসে বিয়ে করেছিলেন। পুত্রবধূ বাড়িতে এসে মাত্র একবার ছয় ঘণ্টা অবস্থান করেছিলেন। এরপর তাঁরা বগুড়ায় চলে যান। সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে নির্যাতনের যে অভিযোগ করা হয়েছে, তার বিন্দুমাত্র সত্যতা নেই।
এ বিষয়ে বক্তব্য জানতে আমেনার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দেশবার্তা/কেএ/একে