কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক ভ্রমণ করেছেন। চলতি পর্যটন মৌসুমে গত ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরুর পর এটিই একদিনে সর্বোচ্চ পর্যটক যাত্রার রেকর্ড।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে চারটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। এদিনই বহরে যুক্ত হয়ে প্রথমবারের মতো যাত্রী পরিবহন শুরু করেছে ‘এমভি মালঞ্চ’। জাহাজগুলো দুপুরে দ্বীপে পৌঁছে এক থেকে দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়ে রাতে ঘাটে ফিরবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩৪৬ আসনের ‘কেয়ারি সিন্দাবাদ’ নামের আরও একটি জাহাজ এ রুটে চলাচলের অনুমতি পেলেও এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। দৈনিক ৩ হাজার ৫০০ পর্যটক যাওয়ার সরকারি অনুমতি থাকলেও পাঁচটি জাহাজের সম্মিলিত আসনসংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৪টিতে।
শুক্রবার ৮৫০ আসনের ‘এমভি বারো আউলিয়া’য় গেছেন ৫৯৩ জন পর্যটক। এছাড়া ৭৩২ আসনের ‘কর্ণফুলী এক্সপ্রেস’ এ ৫০০ জন, ৭৩২ আসনের ‘এমভি টেকনাফ’ এ ৪১৯ জন এবং প্রথম যাত্রা করা ৬০০ আসনের ‘এমভি মালঞ্চ’ এ ২৪২ জন পর্যটক দ্বীপে যান।
‘এমভি মালঞ্চ’ এর পরিচালক আব্দুস সাত্তার জয় বলেন, আমরা এমভি মালঞ্চকে পুরোপুরি প্রস্তুত করে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করার পর যাত্রী পরিবহন শুরু করেছি এবং ইনশাআল্লাহ এই মৌসুমের শেষ দিন পর্যন্ত যা অব্যাহত থাকবে।
দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজভাড়া নিয়ে কোনো কোনো পর্যটকের মধ্যে অসন্তোষ দেখা গেলেও দেশের সর্বদক্ষিণের এই প্রবাল দ্বীপে যাওয়ার রোমাঞ্চে উচ্ছ্বসিত ছিলেন অধিকাংশ ভ্রমণকারী। মাদারীপুরের কালকিনি থেকে পরিবার নিয়ে আসা পর্যটক সৈয়দুল হক বলেন, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেন্টমার্টিন, দ্বীপটি অনেক সুন্দর ভিডিওতে দেখেছি। প্রথমবারের মতো সেখানে যাচ্ছি পরিবার নিয়ে, সমুদ্র যাত্রার এই অভিজ্ঞতা খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে।
সিরাজগঞ্জ থেকে আসা পর্যটক ওসমান আলী বলেন, ৬-৭ ঘণ্টা সমুদ্রপথে সেন্টমার্টিন যাব এটা আসলে ক্লান্তির তবুও যাচ্ছি ছুটি কাটাতে। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনে আসা যেত। এখন সেই সুযোগও নেই, আবার জাহাজ ভাড়াটাও একটু বেশি।
মৌসুমের শুরুতে পর্যটক সংখ্যা কিছুটা কম থাকলেও আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের ঢল নামবে বলে আশা করছেন এ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, চলতি মাসে শুক্রবার-শনিবার তথা ছুটির দিনে মোটামুটি পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। আগামী মাসের প্রতিদিনই কোটাপূর্ণ হবে বলে অগ্রিম বুকিংয়ের মাত্রা দেখে আশা করা যাচ্ছে। ৫টি জাহাজ অনুমতি পেয়েছে, আজ ৪টি গিয়েছে এবং বাকিটিও শিগগিরই নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।
সেন্টমার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, সেন্টমার্টিনে এক রাতে প্রায় ৫ হাজার পর্যটক একসাথে থাকতে পারেন, মৌসুম মাত্র শুরু হয়েছে এবং পর্যটকের সংখ্যাও কম। তবে সুখের খবর হলো, ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল-রিসোর্টই অগ্রিম বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রচুর পর্যটকের আগমন ঘটবে।
দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলতি মৌসুমে পর্যটকদের জন্য বেশ কিছু শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দেওয়ার পাশাপাশি ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে হচ্ছে। এর মাধ্যমে পর্যটক নিয়ন্ত্রণ ও যাতায়াতের তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ। পাশাপাশি কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচা এবং সৈকতে মোটরসাইকেল ও সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ কোনো প্রাকৃতিক সম্পদের ক্ষতি না করার নির্দেশনা রয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকেরা ভ্রমণ ও রাত্রিযাপনের সুযোগ পাবেন।
দেশবার্তা/একে