মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ আইনে এই সুযোগ রাখা হয়নি উল্লেখ করে তিনি জানান, আইনটি শেখ হাসিনার সরকারই প্রণয়ন করেছিল।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আপিল বিভাগে বিলম্ব মার্জনার সুযোগ প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই এবং বিশেষ আইনে তা রাখা হয়নি।
সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফা উল্লেখ করে তিনি জানান, সেখানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না বলে বিধান রয়েছে।
আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, সেখানেই এই বিধান রাখা হয়েছে এবং এটি তাদেরই করা আইন।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, সরকার তা করে রেখেছে। এখন সংশ্লিষ্টরা কী করবেন, সেটি তাদের বিষয়।
তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে আসবেন এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে প্রত্যাবর্তন করা হলে সেটিও একটি আইনি প্রক্রিয়া। তবে ভারত সরকারের অবস্থান কিংবা শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি ভারত সরকারই বলতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতির কথা স্মরণ করে মো. আসাদুজ্জামান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে সব মানবতাবিরোধী অপরাধের বিচার করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তাদের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি জানান, তারা স্বাধীনভাবে কাজ করে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবেন।
দেশবার্তা/একে