বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় বিজিবি।
জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- স্বর্ণ, শাড়ি, চাদর, কম্বল, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিকস সামগ্রী, আতশবাজি, কাঠ, কয়লা, পাথর, চা পাতা, সুপারি, মোবাইল ও এর যন্ত্রাংশ, চকলেট, বিভিন্ন প্রকার বীজ, জিরা, রসুন, চিনি, সার, কারেন্ট জাল, ভোজ্যতেল, কীটনাশক এবং বিভিন্ন ধরনের ওষুধ।
এছাড়া চোরাচালানে ব্যবহৃত ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, ইজিবাইক, অটোরিকশা, ঠেলাগাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান ও নৌকাও জব্দ করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি এসএমজি, ৬টি দেশি-বিদেশি পিস্তল, ৫টি অন্যান্য অস্ত্র, ৭টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ এবং ১৯টি ককটেল। এছাড়া জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেনসিডিল, ক্রিস্টাল মেথ (আইস), বিদেশি মদ, বাংলা মদ, বিয়ার, গাঁজা, ইস্কাফ সিরাপ, এ্যানেগ্রা বা স্যানেগ্রা ট্যাবলেট, বিড়ি, সিগারেট এবং বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।
সীমান্তে বিজিবির এসব অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি নাগরিক, ৭ জন ভারতীয় নাগরিক এবং ৩৫০ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দেশবার্তা/একে