পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ দেশ, আমদানির প্রয়োজন নেই: ডিএই

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

ব্যাপক ফলন এবং আধুনিক সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে। ফলে আমদানি ছাড়াই

2026-11-22T15:30:32+06:00
2026-11-22T15:30:32+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
চাহিদার চেয়ে উৎপাদন বেশি ৪১ শতাংশ
পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ দেশ, আমদানির প্রয়োজন নেই: ডিএই
আধুনিক সংরক্ষণে ১১ মাসে সাশ্রয় ৪ হাজার ৭৬৪ কোটি টাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ব্যাপক ফলন এবং আধুনিক সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে। ফলে আমদানি ছাড়াই অফ-সিজনে স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানায়, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ৩৬ লাখ টন। এর বিপরীতে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনেরও বেশি, যা চাহিদার তুলনায় ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি। এ বছর ৩ লাখ হেক্টরের বেশি জমিতে এই উদ্বৃত্ত পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় ৭ থেকে ১০ লাখ টন বেশি। ফসল সংগ্রহের দুই সপ্তাহ আগে মার্চের শেষে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় প্রতি বিঘা জমিতে ফলন ৭০ মণ থেকে বেড়ে ১০০ মণ পর্যন্ত হয়েছে।

ডিএই’র তথ্য অনুযায়ী, ফসল সংগ্রহোত্তর অপচয় ১০ শতাংশ কমিয়ে আনার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ২৬ হাজার ৭০০টি ‘এয়ার-ফ্লো’ মেশিন বিতরণের ফলে গত ১১ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে। এতে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৪ হাজার ৭৬৪ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে আমদানির অনুমতি (আইপি) বন্ধ থাকায় চলতি বছরে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৮৬ হাজার ৩৬৮ টন, ২০২৪-২৫ অর্থবছরে ৪ লাখ ৭৩ হাজার টন এবং ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৬ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

ডিএই’র মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, আমাদের এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তুলেছি। এটি অফ সিজনে বার্ষিক সরবরাহ সংকট মেটাতে যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।

তিনি জানান, চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আরও ৪ হাজার এয়ার-ফ্লো মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে। বর্তমান ব্যবস্থায় কৃষকরা প্রতি বিঘায় ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পেঁয়াজ পাচ্ছেন এবং তা ১ লাখ টাকায় বিক্রি করে লাভবান হচ্ছেন।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গৃহীত প্রকল্পের আওতায় ১৬টি জেলার ১০৭টি উপজেলায় আধুনিক সংরক্ষণ প্রযুক্তি স্থাপনে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে মেশিন কিনতে ১৯ হাজার, মাচা তৈরিতে ৭ হাজার এবং সাইনবোর্ডের জন্য ১ হাজার টাকা বরাদ্দ ছিল। 

প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান জানান, প্রতিটি মেশিনের ধারণক্ষমতা প্রায় ১০ টন হওয়ায় কৃষকরা ইতোমধ্যে ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করেছেন। দেশের ১৭টি পেঁয়াজ উৎপাদনকারী জেলার ২ লাখ চাষির মধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে ৫০ হাজার কৃষক এই প্রযুক্তি পেয়েছেন এবং ৩ হাজার ৯০০ জন কারিগরি প্রশিক্ষণ পাচ্ছেন।

কৃষক পর্যায়ের অভিজ্ঞতায় দেখা গেছে, প্রচলিত পদ্ধতিতে সংরক্ষণে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমলেও এয়ার-ফ্লো মেশিনে তা ২ থেকে ২ দশমিক ৫ কেজিতে নেমে এসেছে। 

ফরিদপুরের মধুখালী উপজেলার নদীয়া গ্রামের কৃষক মো. নাসির মিয়া জানান, গত ছয় মাস ধরে তিনি এই মেশিনে ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন। 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আমিন জানান, এপ্রিল মাসে ফসল ওঠার পর প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হলেও সেপ্টেম্বর-ডিসেম্বরে তা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়। 

তবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া জানান, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে ৪০ টাকা খরচ হচ্ছে। তাই কৃষকদের স্বার্থে এখন পেঁয়াজ রপ্তানির দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত।

এদিকে গ্রীষ্মকালীন বা মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন বাড়াতে ৪০টি জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ (ইআইভিটিএসপি) এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ১৩৭ দশমিক ৪২ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত চলমান রয়েছে। 

প্রকল্প পরিচালক মাসুদুর রহমান জানান, এর মাধ্যমে পলিশেড ও ২৫টি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে বারি-৫ এর মতো স্বল্পমেয়াদি গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন ও ৩ হাজার ৩৭৫টি প্রদর্শনী প্লট বাস্তবায়ন করা হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ফুটবল টুর্নামেন্টে এবারো চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ এভারগ্রীণ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
তথ্য মুছেও ধরা, জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement