কুড়িগ্রামে অর্থনৈতিক শুমারি-২০২৪-এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সেমিনারে অর্থনৈতিক শুমারি-২০২৪ থেকে প্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করা হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে বিএসবিআরের গুরুত্ব ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সঠিক ও সময়োপযোগী পরিসংখ্যান যেকোনো অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণে অপরিহার্য। শুমারির প্রাপ্ত তথ্য স্থানীয় পর্যায়ের অর্থনৈতিক চিত্র অনুধাবন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজাতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) লাইলুন নাহার।
এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আইন উদ্দিন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আজিজসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজারহাট উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াশাদ।
এ সময় জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহণকারীরা শুমারির তথ্য ও বিএসবিআর ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি/আরএইচ